উখিয়া সরকারি মহিলা কলেজ
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার নারী শিক্ষার এক অনন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম উখিয়া সরকারি মহিলা কলেজ। ১৯৯৯ সাল থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রমিলা শিক্ষার প্রসার এবং নারী ক্ষমতায়নে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।
যেভাবে শুরু হয়েছিল
অনগ্রসর ও প্রান্তিক অঞ্চলের নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ১৯৯৯ সালের ১৫ এপ্রিল উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় কলেজটি প্রথম যাত্রা শুরু করে। বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম চৌধুরী স্থানীয় মেয়েদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।
সরকারি মর্যাদা লাভ
শুরু থেকেই চমৎকার একাডেমিক শৃঙ্খলা ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখায় প্রতিষ্ঠানটি দ্রুত সবার নজর কাড়ে। এরই স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের ৭ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কলেজটিকে জাতীয়করণ করে সরকারি কলেজের মর্যাদা প্রদান করে।
নতুন নামকরণ ও আধুনিকায়ন
প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজটির নাম ছিল 'বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ'। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় জনগণের নিকট পরিচিতি সহজ করতে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় 'উখিয়া সরকারি মহিলা কলেজ'।
আজকের উখিয়া সরকারি মহিলা কলেজ
উচ্চ মাধ্যমিক (HSC) কার্যক্রমে কলেজটি আজ এক অনুকরণীয় নাম। আধুনিক আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে আমাদের ছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তি মেলাসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখছে।
প্রতিষ্ঠাতা, ১৯৯৯
নুরুল ইসলাম চৌধুরী (ঠান্ডা মিয়া)
যাঁর একক উদ্যোগে ১৯৯৯ সালে উখিয়ার নারীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার উন্মোচিত হয়েছিল, তিনি একজন দূরদর্শী শিক্ষানুরাগী। স্থানীয় মেয়েদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতি তাঁর যে নিষ্ঠা, তারই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আজকের এই প্রতিষ্ঠান।
আমাদের লক্ষ্য
শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং প্রতিটি ছাত্রীকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে যুগের উপযোগী ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা।